ফেনী সংবাদদাতা : ফেনীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন (৩৫) নিহত হয়েছেন। বুধবার ভোরে ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান, বুধবার ভোরে ফেনী সদরের লেমুয়া এলাকায় র্যাবের টহল দলের সাথে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই সময় মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন (৩৫) নিহত হন। তিনি চাঁদপুর জেলার শাহরাস্থি থানার ইছাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মাদক ব্যবসায়ী মো. কবির হোসেনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি ও ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নাজমুল হাসান জানান, র্যাব সদস্যরা মৃত অবস্থায় লাশটি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে লাশ মর্গে রয়েছে।


