জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বগুড়ায় নতুন ৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
গতকাল বুধবার রাতে প্রাপ্ত জেলার নমুনা পরীক্ষার ফলাফলে নতুন শনাক্ত ৮২ জনের মধ্যে ৬৩ জন পুরুষ, ১৭ জন নারী ও দুইজন শিশু রয়েছেন।
বুধবার রাতে পাওয়া ফলাফলে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় । এর মধ্যে ৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় বগুড়ার ৭০ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্য ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ফলে উভয় স্থানে বগুড়ার মোট ২৫৮ টি নমুনা পরীক্ষা করে জেলায় নতুন ৮২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি । তবে চিকিৎসাধীনদের মধ্যে আরও একজন সুস্থতা লাভ করেছেন। ফলে এ পর্যন্ত জেলায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা অপরিবর্তিত আটজন এবং সুস্থ হয়েছেন ৭৩ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বুধবার রাতে পাওয়া সর্বশেষ ফলাফল পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৭ জনে। এখন পর্যন্ত মোট সুস্থ ৭৩ জন। আর এ পর্যন্ত জেলায় সরকারি হিসেবে মৃত্যুবরণ করেছেন মোট আটজন। চিকিৎসাধীন রয়েছেন ৯৫৬ জন।


