বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ, উৎকণ্ঠায় জেলেরা

জেলা প্রতিবেদকঃ দেশের সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও মজুদ সংরক্ষণ এবং সহনশীল মাছ নিশ্চিত করার লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য মাছ শিকার বন্ধ থাকবে।

বঙ্গোপসাগরে একচ্ছত্র অর্থনৈতিক এলাকায় সব যান্ত্রিক অযান্ত্রিক নৌযান এবং বাণিজ্যিক ট্রলার দিয়ে মাছ, চিংড়ি ও চিংড়ি জাতীয় মাছ আহরণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এ অবস্থায় জেলে পাড়ায় হাহাকার শুরু হয়েছে। উৎকণ্ঠা শুরু হয়েছে উপজেলার লাখের বেশি জেলেদের। তবে সরকারি তরফ থেকে বলা হচ্ছে, সাগরে এখন গুরুত্বপূর্ণ কিছু মাছ বড়ই হতে পারে না। এসব মাছের এখন প্রজনন মৌসুম। ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকলে এসব মাছের আকার ও পরিমাণ বৃদ্ধি পাবে। তাই এই কর্মসূচি।

জেলেদের ভাষ্য, একদিকে করোনার কারণে লকডাউন এবং পবিত্র রমজান চলছে, কিছুদিন পর আসবে খুশির ঈদ। দীর্ঘ ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকলে পরিবার পরিজন নিয়ে জেলেদের চরম অর্থকষ্টে পড়তে হবে। প্রতি বছর ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে সরকারের।

দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ২০ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশোধিত মৎস্য আইনের ১৯ ধারায় প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই ফিশিং ভ্যাসেলে মাছ শিকার বন্ধের কথা উলে¬খ রয়েছে। এতে ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বহাল থাকাবস্থায় বঙ্গোপসাগরের কোনো স্থানেই যান্ত্রিক, এমনকি ছোট্ট ডিঙি নৌকা দিয়েও মাছ আহরণ করা যাবে না।

এদিকে মৎস্যজীবীদের কথা মতে গত বছর থেকে এ আইন পাথরঘাটার তীরবর্তী বঙ্গোপসাগর কেন্দ্রিক উপকূলে কার্যকর শুরু হয়েছে। এর আগে কখনই এ আইন বাস্তবায়ন হয়নি।

মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলিং জাহাজ মালিকদের চাপের কারণে এ বছর এ আইনের আওতায় উপকূলের ইঞ্জিনচালিত কাঠের ট্রলারগুলোকেও আনা হয়েছে। ২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ (আইন) অধিশাখা এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সমুদ্রগামী ইঞ্জিনচালিত কাঠের ট্রলারের জেলেরা সাড়ে তিন থেকে সাড়ে চার ইঞ্চি ফাঁসের বৈধ জাল দিয়ে ইলিশ শিকার করেন। আর ট্রলিং জাহাজ সম্পূর্ণ অবৈধ জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ শিকার করছে এবং ওই ট্রলিং জাহাজের ৪০ মিটার পানি গভীরতায় মাছ ধরার কথা থাকলেও উপকূলের মাত্র ৪ থেকে ৫ মিটার গভীরতায় এসে মাছ শিকার করে। অথচ যে জাল দিয়ে ছোট পোনা মাছ ধংস হয় না এ আইনে তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা যুক্তিসঙ্গত নয়। এ আইন আমাদের জেলেদের ওপর অমানবিক এবং অন্যায়।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা জারি হয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও উপকূলীয় এলাকায় সব জেলে, ফিশিং বোট ও নৌকার মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। পোস্টার, লিফলেটসহ মাইকিং করেও জেলেদের সচেতন ও সতর্ক করা হয়েছে।