ববি শিক্ষার্থী‌দের ওপর হামলার প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল ৭টা থে‌কে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যাল‌য়ের ফট‌কের সাম‌নের সড়‌কে ইট ও কাঠ দি‌য়ে প্রতিবন্ধকতা সৃ‌ষ্টি ক‌রে‌ছেন শিক্ষার্থীরা। এ সময় এক‌টি বা‌সেও ভাঙচুর চালা‌নো হয় বলে জানা গেছে। সহপাঠীদের ওপর হামলার ঘটনায় জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক বিচার দা‌বি ক‌রে‌ছেন শিক্ষার্থীরা।

এদি‌কে মঙ্গলবার দিনগত রা‌তের ওই হামলার ঘটনায় আহত ১১ জন‌কে আজ সকাল সা‌ড়ে ৯টায় ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে দেখ‌তে যান বরিশাল বিশ্ববিদ্যাল‌য়ের উপাচার্য ড. মো. ছা‌দেকুল আরে‌ফিন।

‌বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার দিনগত রাত দেড়টার দি‌কে ব‌রিশাল নগ‌রের রুপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের একটি মেসে হামলা চালায় দুর্বৃত্তেরা। এ খবর সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে ছড়ি‌য়ে পড়লে আশপা‌শের মেসে থাকা বিশ্ববিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা সহপাঠী‌দের উদ্ধা‌রে এগিয়ে যান। এ সময় তাঁরাও হামলার শিকার হন। হামলায় ১৫ জ‌নের ম‌তো আহত হন। তাঁদের ম‌ধ্যে ১১ জন‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

এ ঘটনার প্রতিবা‌দে ববি শিক্ষার্থীরা আজ সকাল ৭টা থে‌কে বিশ্ববিদ্যাল‌য়ের সাম‌নের ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ ক‌রে। এ সময় এক‌টি বাস ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, ‘আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। গতকাল যে ঘটনার সমাধান হয়ে গেল, তারপর রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। হামলার ঘটনার তদন্ত করা হচ্ছে।’

জানা গেছে, গতকাল মঙ্গলবার ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ের অর্থ‌নী‌তি বিভা‌গের শিক্ষার্থী তৌ‌ফিকুল সজল ও ফারজানা আক্তার মে‌মি নিজ বা‌ড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীতে বিআর‌টি‌সি কাউন্টা‌রে যান। সেখা‌নে কাউন্টার স্টাফ র‌ফিক তুচ্ছ ঘটনা নি‌য়ে কথাকাটাকা‌টির জের ধ‌রে সজল ও মে‌মি‌কে মারধর ও লা‌ঞ্ছিত ক‌রেন বলে অভিযোগ। এ ঘটনার প্রতিবা‌দে শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ ক‌রেন এবং র‌ফিক‌কে গ্রেপ্তা‌রের দা‌বি জানান। পু‌লিশ ১ ঘণ্টার মধ্যে র‌ফিক‌কে গ্রেপ্তার ক‌রে। এরপর রা‌তে শিক্ষার্থী‌দের ওপর হামলার ঘটনা ঘ‌টে বলে জানা গেছে।