বরগুনা আমতলীতে ইলিশ রক্ষা অভিযানে নৌকা ভাংচুরের অভিযোগ

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকেঃ বরগুনার পায়রা নদীতে ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযানে আমতলীর ও তালতলীর মাছ ধরা নৌকা ভাংচুর করেছে মৎস্য বিভাগের লোকজন। শনিবার রাতে অভিযান চলাকালে খালে নোঙ্গর করা ২০ টি নৌকা ভাংচুর করেছে বলে অভিযোগ স্থানীয় জেলেদের।

জানাগেছে, ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযান শনিবার রাতে শুরু হয়। আমতলী ও তালতলী মৎস্য অফিস কর্তৃপক্ষ পায়রা নদীর গুলিশাখালী,ছোটবগী, গাবতলী ও মৌপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চালানোর সময় খালে নোঙ্গর করা ২০ টি নৌকা ভেঙ্গে ফেলেছে মৎস্য অফিসের লোকজন এমন অভিযোগ জেলেদের। এর মধ্যে গাবতলী এলাকায় নজরুল তালুকদার, মোস্তফা সিকদার, জসিম তালুকদার, মোস্তফা হাওলাদার, মৌপাড়া এলাকার খলিল হাওলাদার, দুলাল, ছোটবগী এলাকার আশ্রাব আলী সিকদার, সেরাজ প্যাদার আমতলীর গুলিশখালী এলাকার তিনটি নৌকা ভেঙ্গে ফেলেছে। জেলেদের অভিযোগ মৎস্য অফিসের লোকজন শনিবার রাতে খালের মধ্যে নোঙ্গর করা খালি নৌকা কুঠার দিয়ে কুপিয়ে ভেঙ্গে ফেলেছে। ওই নৌকাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে। নৌকাগুলো ভেঙ্গে ফেলায় লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা তারা। তারা মৎস্য বিভাগের কাছে নৌকা সংস্কারের ক্ষতিপূরন দাবী করেছেন।

আমতলী ও তালতলী মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল বলেন, খালের মধ্যে নোঙ্গর করা কোন খালি নৌকা নষ্ট করা হয়নি। জাল পাওয়া নৌকাগুলো নষ্ট করা হয়েছে।