বরগুনা জেলা প্রশাসকের কক্ষে ঘূর্ণিঝড় ফণী  প্রস্তুতি সাধারণ সভা।

বরগুনা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় দেশের সর্ব দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় প্রস্তুতি সভা করা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১২টায় বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মারুফ হোসেন, সিভিল সার্জন হুমায়ুন খান শাহিন, জেলা এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন শীল, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু। এসময় রেডক্রিসেন্ট ও দুর্যোগ প্রস্তুতি কর্মসূচিসহ (সিপিপি) বরগুনার সব সরকারি, বে-সরকারি এবং সেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন,‘ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে মিটিং করে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদ অর্থ, টিন, চাল, শুকনো খাবারসহ বরগুনায় ৩৩৫টি আশ্রয় কেন্দ্রসহ প্রায় ১০ হাজার সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৫০টি মেডিক্যাল টিম।’
ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল খোলা হয়েছে। সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।