বরিশাল: বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ৫২ প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। যাচাই-বাছাই ও আপিলে বাদ পড়েছেন তিনজন। ফলে জেলার ছয়টি সংসদীয় আসনে সংসদ সদস্য পদে লড়ছেন ৩৮ প্রার্থী।
রোববার (৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকেল পর্যন্ত বরিশালের রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) এসএম অজিয়র রহমানের কাছে ১১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
তারা হলেন, যথাক্রমে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের শের-ই-বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, শেখ হাসিনা পরিষদের নেতা ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দা রুবিনা আক্তার, বিএনপির সৈয়দ শহীদুল হক জামাল, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) বিএনপির বেগম সেলিমা রহমান, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) বিএনপির মেজবাউদ্দিন ফরহাদ, বরিশাল-৫ (মহানগর-সদর) এবায়দুল হক চাঁন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) বিএনপির অধ্যক্ষ আব্দুর রশিদ খান, গণফোরামের অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু ও মো. ফোরকান আলম খান ।
এদিকে বিকেল পর্যন্ত বরিশালের রিটার্নিং কর্মকর্তার কাছে চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও মহাজোটের প্রার্থীরা।
বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ৫২ প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। যাচাই-বাছাই ও আপিলে বাদ পড়েছেন তিন প্রার্থী। ফলে ছয়টি সংসদীয় আসনে সংসদ সদস্য পদে লড়বেন ৩৮ প্রার্থী।
প্রসঙ্গত, ১০ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


