জেলা প্রতিবেদকঃ বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৩ জন।
মঙ্গলবার (১৯ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ বিভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১২ হাজার ৪৩৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এর মধ্যে ১১ হাজার ৬৮৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৪৯৭ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে রয়েছেন ৭৫০ জন এবং এ পর্যন্ত ৬৭২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১৯২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ৭২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধু বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পিরোজপুরে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যার কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৯০ জন এবং এরইমধ্যে ২২৭ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৮৭ জন, পটুয়াখালীতে ৩৫, ভোলায় ১৭, পিরোজপুরে ৪০, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে বিভাগে ১১৩ জন সুস্থ হয়েছেন।
এছাড়া ঝালকাঠিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এরআগে বরিশালের মুলাদীতে একজন, পটুয়াখালী সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন, দুমকিতে একজন, বরগুনার আমতলীতে একজন ও বেতাগীতে একজনের মৃত্যুর হয়েছে। এ নিয়ে বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে।


