নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রে বহুমত বহুদল থাকে। তবে রাজাকার আর জঙ্গিরা থাকে না। আগুন সন্ত্রাসীরা থাকে না।
তিনি বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদেরই দেশ হবে। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযোদ্ধারাই থাকবে। তার সপক্ষের শক্তি থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ থাকবে। গণতান্ত্রিক মানুষ থাকবে। সমাজতন্ত্রে বিশ্বাসী মানুষ থাকবে। এখানে রাজনীতির অঙ্গনে সরকারেও মুক্তিযোদ্ধারা থাকবে, বিরোধী দলেও মুক্তিযোদ্ধারা থাকবে।
তথ্যমন্ত্রী শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের চন্দনা চৌরাস্তা এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল বাচ্চু প্রমুখ।
মন্ত্রী বলেন, কোনো উছিলায়, কোনো অজুহাতে ডিসেম্বরের নির্বাচন বন্ধ হবে না। যথাসময়ে ভোট হবে। সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। কিন্তু বিএনপি শর্ত দেওয়া শুরু করেছে। যেমন ২০১৪ সালের আগে বিএনপি শর্ত দিচ্ছিল, কখনো শেখ হাসিনার পদত্যাগ, কখনো পার্লামেন্ট বাতিল, কখনো একজন নিরপেক্ষ মানুষের অধীনে ভোট, আর ইদানীং বলা শুরু করেছে খালেদার মুক্তি। আমাদের পরিষ্কার কথা- খালেদার মুক্তি অথবা জামিন আদালত ঠিক করবেন। খালেদার মুক্তি কোনো রাজনীতির লেনদেনের বিষয় না। খালেদার মুক্তির বিনিময়ে নির্বাচন, এরকম শর্ত যারা দেয়, সেই শর্ত আমরা মানি না। খালেদার মুক্তি অথবা শর্ত দিয়ে বিএনপি কার্যত নির্বাচন বানচাল ও নির্বাচন বর্জনের উছিলা খুঁজছে, পাঁয়তারা করছে।
তিনি বলেন, শান্তি যদি চান, জঙ্গি ধ্বংস করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। শান্তি যদি চান, জঙ্গির সঙ্গী খালেদা জিয়া এবং বিএনপিকে রাজনীতি-ক্ষমতার বাইরে রাখতে হবে। এটা কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না। জঙ্গি যদি খারাপ হয়, আগুন সন্ত্রাস যদি খারাপ হয়, রাজাকার যদি খারাপ হয়, রাজাকারের মাতা খালেদা জিয়া ভাল কেন? জঙ্গি, রাজাকার আর জামায়াত যদি খারাপ হয়, বিএনপি এবং খালেদা জিয়া জঙ্গি-রাজাকারের ঠিকানা-আস্তানা ভাল হয় কীভাবে? আমি তাই বলি- যদি রাজাকার বাদ দেন, জামায়াত বাদ দেন, জঙ্গি ধ্বংস করেন আর বিএনপির এই বিষবৃক্ষ টিকে থাকে, আবার রাজাকার হবে, আবার জঙ্গি হবে, আবার আগুন যুদ্ধ হবে। সুতরাং রাজনীতির বিষবৃক্ষ হচ্ছে বিএনপি এবং খালেদা জিয়া। তাবৎ খুনি, ’৭১-এর খুনি, ’৭৫-এর খুনি, ২১ আগস্টের খুনি, জঙ্গি-সন্ত্রাসী সব খুনিদের ঠিকানা খালেদা জিয়া এবং বিএনপি।
মন্ত্রী বলেন, আমি তো সেই খালেদাকে চিনি যেই খালেদা আগুন যুদ্ধের নেত্রী। আমি তো মানুষকে চাই ভোটে। আমি তো দানবকে ভোটে চাই না। খুনিদের চাই না। খালেদা জিয়ার হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ। খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন পাকিস্তান আর হাওয়া ভবনের দিকে তাকিয়ে এবং রাজাকার আর জঙ্গি সাথে নিয়ে দেশ শাসন করেছেন। তাই তো দেশে বিদ্যুৎ হয়নি, উন্নয়ন হয়নি, শান্তি হয়নি।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি তো খালেদা জিয়া নন। উনিতো পাকিস্তানের দিকে তাকিয়ে, হাওয়া ভবনের দিকে তাকিয়ে দেশ শাসন করেন না। শেখ হাসিনা তো খালেদা জিয়ার মতো নন। রাজাকারকে সাথে নিয়ে, জঙ্গিকে সাথে নিয়ে, আগুন সন্ত্রাসীকে সাথে নিয়ে উনিতো রাজনীতি করেন না। শেখ হাসিনা জনদরদী, তাই পোশাক শিল্পের মজুরদের জন্য ওয়েজ বোর্ড ঘোষণা করেন, সারের ভর্তুকি দেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেন, গ্রামের কৃষকের ঘরে বিদ্যুতের আলো পৌঁছিয়ে দেন।
মন্ত্রী বক্তব্যের শুরুতেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানাকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।


