বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল পৌনে ৭ ঘণ্টা বন্ধর থাকার পর চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার জানান, মাঝ নদীতে নোঙর করা ফেরি গন্তব্যে আসছে এবং দুই প্রান্ত থেকেই ফেরি চলাচল শুরু হয়েছে। যানজটও কমতে শুরু হয়েছে। এ রুটে তিনটি রো রোসহ ১৪টি ফেরি চলাচল করছে।

রোববার (০৬ ডিসেম্বর) এর আগে ভোরে ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল করলেও ঘন কুয়াশায় লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, ভোর ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর ৫টার পর থেকে নৌরুট বাতি জ্বালিয়েও দূরত্ব নির্ণয় করা যায়নি। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বয়া-বাতি, সিগন্যাল কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ ও স্পিডবোটও বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ দীর্ঘ সময়ে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

বাংলাবাজার প্রান্ত থেকে সকাল সাড়ে ৮টায় দুটো ফেরি ছাড়লেও ঘন কুয়াশার কারণে মাঝ নদীতেই নোঙর করতে বাধ্য হয়।

ভোরে বিআইডব্লিউটিসির ম্যানেজার প্রফুল্ল চৌহান বলেন, অন্যান্য ১২টি ফেরি উভয় ঘাটে নোঙর করা হয়েছে। শিমুলিয়া তিন নম্বর ঘাট থেকে ফেরি কুমিল্লায় যানবাহন লোড করা আছে। ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিটি এ ঘাট ছেড়ে যাবে।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।