বাউফলে সরকারি রাস্তা দখল করে ইট-বালুর ব্যবসা

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সরকারি রাস্তা দখল করে একটি প্রভাবশালী মহল রমরমা ইট-বালু ও পাথরের ব্যবসা করে আসছে দীর্ঘদিন যাবৎ। এক দিকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের অপর দিকে ইট-বালু বহনকারী উল্কা ও টমটমের দুষিত ধোয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
উপজেলা পরিষদের অদুরে নাজিরপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে বড় ডালিমা রাস্তায় এমপির ব্রিজ পয়েন্টে অবৈধ ভাবে রমরমা ব্যবসা করে আসছে এই মহলটি।
সরেজমিন দেখা যায়, রাস্তার দুই পাশে সারি সারি রাখা আছে হাজারো ইট। এতে দখল হয়ে গেছে রাস্তার অর্ধেক জায়গা। বাকী জায়গায় রাখা আছে মাল বহনকারী টমটম ও উল্কা। মোটকথা এ যেনো ইটের বাজার। মানুষ চলাচলের কোন অবস্থা নেই।
ওই এলাকার স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ দুর্ভোগে অতিষ্ট। অপরদিকে খালের পাড়ে ইট বালু রাখায় দিন দিন খালের প্রশস্ত কমে আসছে। ভরে যাচ্ছে খাল।
স্থানীয়রা অভিযোগ করে বলেন পৌর শহরে যাতায়তের জন্য কয়েকটি ইউনিয়নের জনগণের এটাই অন্যতম প্রধান সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। দু’পাশে ইট আর বালু রাখায় চলাচলে দুর্ভোগে নিরাসনে প্রশাসন কর্তৃক নেয়া হচ্ছে না কোন কার্যকর পদক্ষেপ।
এব্যাপারে ইট বালু ব্যবসায়ী সাকিল মুঠোফোনে বলেন,‘ইট আমার একার না, আমার যেসব ইট আছে সেগুলো সরিয়ে ফেলবো, আর রাস্তার উপর রাখবো না।’আরেক ইট-বালু ব্যবসায়ী ফিরোজ বলেন,‘ রাস্তায় আমার ইট নাই।’
আরো কয়েক জন ইট বালু ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হলে তারা রাস্তার উপরের ইট তাদের না বলে জানায়। প্রশ্ন হলো সড়ক দখল করে রাখা ইট-বালু কাদের?

এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে খুব শিঘ্রই ব্যবস্থা নিবেন বলেন জানান।