বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আটক-৩

এম এম সি মেহেদী:বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সোতাল গ্রামের ওই নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আওয়ামী লীগ আগুনের ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ি করছেন। তবে বিএনপি আওয়ামী লীগের করা অভিযোগ অস্বীকার করেছে।
আগুনে নির্বাচনী কার্যালয়ের বেড়া, পোষ্টার, প্যানা ও বেশকিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে।
আটককৃতরা বিএনপির সমর্থক। তবে তাদের পরিচয় এখনো জানায়নি পুলিশ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময় আওয়ামী লীগ থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এই আসনে অপর প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ঐক্যফ্রন্টের বিএনপি নেতা এম এ সালাম।
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ আবুল খায়ের অভিযোগ করে এই প্রতিবেদককে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন পরিচালনার জন্য সোতাল গ্রামে একটি অস্থায়ী কার্যালয় নির্মান করা হয়। এই কার্যালয় থেকে বারুইপাড়া ইউনিয়নের কিছু অংশের নির্বাচন পরিচালিত হচ্ছিল। বুধবার রাত একটা পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে কার্যালয় থেকে সবাই বাড়িতে চলে যাই। রাতের কোন এক সময়ে জামায়াত বিএনপির সমর্থকরা প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ছুটে এসে পানি দিয়ে আগুন নেভায়। আগুনে আমাদের কার্যালয়ের বেড়াসহ পোষ্টার, প্যানা ও বেশকিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। বৃহষ্পতিবার সকালে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এই প্রতিবেদককে বলেন, বুধবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।