বান্দরবানের রোয়াংছড়ি বাজারে ভয়াবহ আগুন

আগুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাজারে আগুন লেগে সাতটি গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতাধিক বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (২৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুন এর সূত্রপাত হয়।

দমকল বাহিনী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার সময় রোয়াংছড়ি উপজেলা বাজারের একটি বয়লারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে সাতটি বড় গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে আগুনের সংবাদ পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট অফিসার মংশৈনু মারমা জানান, বাজারের একটি বয়লারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আগুনে ছোট বড় ৭২টি দোকান এবং আশপাশের ঘর পুড়ে গেছে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের পাশপাশি রোয়াংছড়ি ও বান্দরবান সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রণে আনে। আগুনে সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।