বান্দরবানে মিয়ানমার আরও সেনা ও ভারী অস্ত্র-সরঞ্জাম বৃদ্ধি করেছে

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের শূণ্যরেখার বিপরীতে মিয়ানমার আরও সেনা ও ভারী অস্ত্র-সরঞ্জাম বৃদ্ধি করেছে। ফলে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পতাকা বৈঠকে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ঢেকুবনিয়ায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে তুমব্রু সীমান্তে গিয়ে দেখা যায়, তুমব্রু সীমান্তের ৩৪ থেকে ৩৫ নং পিলারে মিয়ানমারের অভ্যন্তরে কাটাতারের বেড়া ঘেষে ভারী অস্ত্র নিয়ে সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। ৭ থেকে ১০টি গাড়িতে করে টহল টহল চলছে। এছাড়াও সেনা পোস্ট ও বাংকারে অবস্থান করছে মিয়ানমার বাহিনী। অপরদিকে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার ভোররাতে তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অংশ থেকে ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। এতে সীমান্তে ‘নো-ম্যানস ল্যান্ডে’ থাকা রোহিঙ্গাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়।


নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা দিল মোহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার তুমব্রু সীমান্তে মিয়ানমার বাহিনী দুশতাধিক সদস্য বৃদ্ধি করেছে। শুক্রবার সকাল থেকে আরও শতাধিক সৈন্য মোতায়েন করা হয় সীমান্তে। এছাড়া বৃহস্পতিবার রাত ৮টা ও শুক্রবার ভোর রাতে নো-ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের লক্ষ্য করে দুটি গুলিবর্ষণ করা হয়। তবে কেউ হতাহত হয়নি। মিয়ানমার বাহিনী বার বার হুমকি দিচ্ছে, আমরা যেন এই নো-ম্যানস ল্যান্ড ছেড়ে চলে যাই।’

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনঞ্জুরুল হাসান খান বলেন, ‘সীমান্তে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে মিয়ানমারের অভ্যন্তরে। মিয়ানমার বাহিনী বিভিন্ন কারণে ফাঁকা গুলি বর্ষণ করেছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।

বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তে অতিরিক্ত সৈন্য সমাবেশ করার প্রতিবাদ জানায় বিজিবি। এসময় পতাকা বৈঠকের আহ্বান করা হয় বিজিবির পক্ষ থেকে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার পতাকা বৈঠকে অংশ নিতে রাজি হয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এর আগে একাধিকবার বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও রাজি হয়নি মিয়ানমার।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর ১৩২১ পরিবারের ৬ হাজার ২২ জন রোহিঙ্গা পালিয়ে এসে তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এসে গত ৬ মাস ধরে অবস্থান করছে।