বাবু সোনা হত্যা মামলায় কামরুলের রিমান্ডের ৭ দিনের মাথায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রংপুর : রংপুরের বিশেষ জজ আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যা মামলায় কামরুল ইসলাম রিমান্ডের ৭ দিনের মাথায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তার নিকট হাজির করা হয়। ৪ ঘণ্টারও বেশি সময় সে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে রাত ১২টার দিকে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৫ এপ্রিল কামরুলকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই দিন রাতে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন। আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ না হতেই কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলার অপর তিন আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ার পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যার অভিযোগে র‌্যাব তার স্ত্রী স্নিগ্ধা সরকার দিপা, তার প্রেমিক কমরুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার সবুজ ইসলাম, রোকনুজ্জামান ও আইনজীবী সহকারী মিলন মহন্তকে গ্রেপ্তার করে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিলন মহন্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপর চার আসামিকে ৫ এপ্রিল রাতে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে কারুলকে ১০ দিনের রিমান্ডে দেয়। অপর ৩ আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছিল।

২৯ মার্চ রাতে বাবু সোনাকে হত্যা করে একটি নির্মাণাধীন বাড়ির ঘরে পুতে রাখা হয়। ৫ এপ্রিল রাতে বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা সরকার ওরফে দীপা ভৌমিককে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব আটক করে। তিনি এ হক্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং লাশের অবস্থান সম্পর্কে জানান এবং সেই সূত্র ধরে ওই দিন রাতে বাবু সোনার লাশ উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার ওসি বাবুল মিয়া জানান, কামরুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।