বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুতের খুঁটি বদল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রমজান আলী (১৮) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মান্নান আলী (১৯) নামে আরো এক শ্রমিক।
আজ মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রমজান আলী ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বালিয়া ইউনিয়নের আব্দুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহী এন্ড কং-এর অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার বিদ্যুৎ খুঁটি পরিবর্তনের কাজে যায় রমজানসহ মোট ৬শ্রমিক। তারা বিদ্যুৎ লাইনের লোহার পুরোনো খুঁটি পরিবর্তন করে সিমেন্টের নতুন খুঁটি স্থাপনের কাজ করছিলেন। একপর্যায়ে লোহার একটি খুঁটি অপসরণের সময় খুঁটিটি বিদ্যুৎ লাইনের তারের উপর হেলে পড়ে এবং বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। এতে রমজান ও মান্নান নামে দুইজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে পথিমধ্যে রমজানের মৃত্যু হয়।আহত মান্নানকে  বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে সুস্থ আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ হাসপাতালে আছে। দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠান মেসার্স শাহী এন্ড কং এর ঠিকাদার তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সাথে সাথেই লোক পাঠিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের পরিবারের সাথে আলোচনায় বসা হবে। সেই সাথে নিহতের পরিবারের আর্থিক সাহায্যসহ সবরকম সাহায্যে আমরা তার পরিবারের পাশে থাকব।