মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট্ট ভাইয়ের সাথে বাইসাইকেল নিয়ে কথা কাটাকাটি হওয়ায় অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে ময়না রানী (১৪) নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী।
ঘটনাটি ঘটেছে গতকাল (৬ এপ্রিল) বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের দফাদার টুলি গ্রামে।মৃত ওই কিশোরী ভানোর দফাদার টুলি গ্রামের মৃত কৃষ্ণ রামের মেয়ে।ওই কিশোরী ভানোর ধনীরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও স্হানীয়দের বরাতে জানা যায়, গতকাল বুধবার দুপুরে দুই ভাই- বোনের মধ্যে বাইসাইকেল নিয়ে কথা কাটাকাটি হয়, এতে অভিমান করে রাত আনুমানিক ৯টার দিকে বিষ পানে আত্মহত্যা করেন ওই কিশোরী।
এঘটনায় স্হানীয় লোকজন বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে রাত ২টা ৫০মিনিটের সময় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে, বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আবদুস সবুর বলেন,ছোট ভাইয়ের সাথে বাইসাইকেল নিয়ে কথা কাটাকাটি হয় এতে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেন ওই কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


