ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে।
শনিবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ সেতুটি ভেঙে যাওয়ায় ফরিদপুর জেলা শহরের সঙ্গে নগরকান্দা উপজেলার সড়কপথের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক মাগুরার দিক থেকে গোপালগঞ্জের মোকসেদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটির নম্বর ফরিদপুর-ট-১১-০৩০৭। ট্রাকটি বেইলি সেতুর ওপর উঠলে সেতুটির মধ্যে অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, শরিবার ভোরে নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকার কুমার নদীর ওপর পুরাতন বেইলি সেতুটি বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


