গোপালগঞ্জ প্রতিনিধি : বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অংশু বিশ্বাসের বাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অংশু বিশ্বাস (৩০) নামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী (মাস্টার রোল) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেক্সের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে চাপা দিয়ে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলে অংশু নিহত হন ও অপর ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।


