জাকির হোসেন, সিংগাইর, মানিকগঞ্জঃ ১৪-ই মার্চ রোজ রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা বাজারের পোস্ট অফিস সংলগ্ন তিনটি দোকানে আগুন লেগে প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুন লাগতে পারে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী ও দোকান মালিকেরা।
আগুন লাগার সাথে সাথে টহল পুলিশকে অবহিত করলে, টহলরত পুলিশ মানিকগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা ঘটার দেড় ঘন্টা পর ঘটনাস্থলে এসে পৌছায়। এতে করে চরম আকারে দোকানদার সহ এলাকাবাসী ফায়ার সার্ভিসের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তারা জানায় সময় মতো ফায়ার সার্ভিস এলে তিনটি দোকানের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।

ক্ষতিগ্রস্থ মোটর সাইকেল গ্যারেজ মালিক সুভত নিয়োগী(৪০) জানান, ৫/৬ টি মোটর সাইকেল এবং মোটর সাইকেলের পার্টসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। আরেক দোকানদার মোঃ মোশারফ হোসেন জানান, তার অটো রিক্সার পার্সের দোকানে ব্যক্তিগত দুটি মোটরসাইকেল এবং অন্য লোকের দুটি অটোরিক্সা ও অটোভ্যান সহ বেশ কিছু নতুন পুরাতন ব্যাটারী পুড়ে আনুমানিক ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় তার। আরেক মাটির টিনের দোকান মোঃ আসলাম হোসেন(৪২) জানান, তার মাটির টিনের গুদামে আংশিক আগুন লাগে। এতে তার আনুমানিক ৫০-৬০ হাজার টাকার মালামাল আগুন নেভাতে গিয়ে ভেঙ্গে যায়।
ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বায়রা ইউনিয়ের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব দেওয়ান জিন্নাহ(লাঠু)। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা প্রদান করেন।


