বিএনপির আন্দোলনের খেলা মোকাবিলা কোনো ব্যাপার নয়: তথ্যমন্ত্রী

বিএনপি হুমকি ও আন্দোলন আন্দোলন খেলা এগুলো আমাদের কাছে মোকাবিলা করা কোনো ব্যাপার নয় বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে বিএনপির রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তারেক রহমানের শাস্তি, খালেদা জিয়ার স্বাস্থ্যর মধ্যে ঘুরপাক খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপি দেশে আন্দোলনের নামে সংকট সৃষ্টির চেষ্টা করছে-এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির উদ্দেশ্যই হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। সে উদ্দেশ্য নিয়েই তারা আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে। যদিও জমাতে পারছে না। কারণ হচ্ছে, ওনারা এর আগে চেষ্টা করেছিল খালেদা জিয়ার অসুস্থ বিদেশ না নিলে মারা যাবে এটি বলে জনগণকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারে নাই।

তিনি বলেন, এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার পরিপ্রেক্ষিতে পৃথিবীময় সংকট চলছে। সেটি থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন নয়। এ প্রেক্ষাপটে তারা (বিএনপি) এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে এর থেকে বেশি বিশৃঙ্খলা আমরা ২০১৩, ১৪, ১৫ সালে মোকাবিলা করেছি। সুতরাং তাদের এ বিশৃঙ্খলা, হুমকি, আন্দোলন আন্দোলন খেলা এগুলো আমাদের কাছে মোকাবিলা করা কোনো ব্যাপার নয়।

তত্ত্বাবধায়ক সরকার না মানলে রাজপথে ফয়সালা হবে-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে রাজপথে ফয়সালার কথা বলে আসছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে ১০ বছরের বেশি সময়ের আগে। তো গত ১০ বছর ধরে তারা এ কথা বলে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এ বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তারেক রহমানের শাস্তি, খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে ওদের রাজনীতি ঘুরপাক খাচ্ছে।