বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১ এপ্রিল) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাস, নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না এখন।

তিনি বলেন, কতিপয় জনবিচ্ছিন্ন, জনগণ প্রত্যাখ্যাত তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে–পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো কিছুর দাবিতে আন্দোলন করতে হলে, সেই দাবি যদি জনগণের দাবি না হয়, তাহলে সেই দাবি কখনো ফলপ্রসূ হয় না।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অংশগ্রহণ করেন।

এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।