বিনম্র শ্রদ্ধায় বুদ্ধিজীবীদের স্মরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করল দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী হত্যার জড়িত জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে ডিসেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশের জয় যখন সময়ের ব্যাপার মাত্র ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দোসর-আলবদর, আলশামস ও রাজাকাররা বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বেছে বেছে হত্যা করে শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকসহ বরেণ্য বুদ্ধিজীবীদের। নরপিশাচদের বর্বরতা থেকে রেহাই পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষকরাও। তাই প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজন করা হয় আলোক প্রজ্বালন কর্মসূচির।

শিক্ষার্থীরা জানান, উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের অদম্য অগ্রগতির মাধ্যমে বাঙালিরা পাকিস্তানিদের ষড়যন্ত্রের জবাব দিয়েছে। এ ছাড়া বুদ্ধিজীবী হত্যায় মদদদাতা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি করেন শিক্ষার্থীরা। আর‌ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।