মোঃ সামিউল আলম, বিশেষ প্রতিনিধি: অবৈধভাবে বিরামপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন, পূর্বের কমিটির মেয়াদ বহাল থাকা সত্বেও নতুন কমিটির অনুমোদন এবং কমিটিতে জামাত-শিবির পরিবারের সন্তানদের অন্তর্ভূক্ত করণের প্রতিবাদ জানিয়ে অত্র কমিটি বাতিলের দাবীতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মঙ্গলবার (১০ জুলাই) বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে ঢাকামোড়ে সমাবেশ ও মহাসড়ক করে। এসময় রাস্তার উপর আগুন জালিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানের প্রতিকী পুত্তলিকা পোড়ানো হয়। এতে রাস্তার দুই পার্শ্বে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন- জেলা কমিটি টাকা খেয়ে স্থানীয় সংসদ সদস্যের সহযোগীতায় চক্রান্তমূলক ভাবে জামাত-শিবির পরিবারের সন্তানদের নিয়ে বিরামপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করেছে। নতুন এই কমিটিতে যেসব নাম রয়েছে তাদের ইতপূর্বে ছাত্রলীগের কোন মিছিল-মিটিংয়ে দেখা যায়নি। শীঘ্রই অবৈধ এই নতুন কমিটি বাতিল করে প্রকৃত ছাত্র ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পুনরায় একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবী জানানো হয় সমাবেশে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলে ইমরান উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সবুজ, পৌর শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজা, সাবেক সাধারণ সম্পাদক নাজমুন সাদাত রনি প্রমূখ।
এ বিষয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানান, দিনাজপুর জেলা শাখা ছাত্রলীগ বিরামপুর উপজেলার যে কমিটি অনুমোদন দিয়েছে তা বিতর্কিত। যে কারণে এমন অস্থিতিশীল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আলোচনার মাধ্যমে এর সমাধানের প্রক্রিয়া চলছে।


