মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ নেই কোনো দোকানদার, নেই নজরদারি সিসি ক্যামেরা! জিনিসপত্রের গায়ে লেখা রয়েছে দাম। আর সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্যান্য শিক্ষাসামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে রাখতে হবে টাকা। এভাবেই শিক্ষার্থীরা কিছু নির্দেশনা মেনে কেনাকাটা করতে পারবে ‘সততা ষ্টোর’ থেকে। শিক্ষার্থীরা সহজেই যেমন সেই দোকানে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, তেমনি রাখতে পারবে সততার স্বাক্ষর। যদিও শিক্ষার্থীরা পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে কেউ দেখার নেই। তবুও সততার পরীক্ষায় পাস করার এক কঠিন পরীক্ষা হিসেবে এই উদ্যোগ।
দিনাজপুর জেলার বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুযোগ করে দিতে রবিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় প্রশাসনের সহযোগীতায় ঐ স্কুলের একটি কক্ষে ‘সততা ষ্টোর’ নামে এই ব্যতিক্রমী দোকানের উদ্বোধন করেন, দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মোঃ আব্দুছ ছবুর।
এসময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা ভূমি সহকারি কমিশনার এনামুল হক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ একেএম শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঈচ উদ্দিন পাটোয়ারী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


