সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): দিনাজপুর জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিরামপুর সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও বিরামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুস সবুরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা হতে ৫০৪ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। এদের মধ্যে দুইজন মহিলা রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে থানার এস.আই আসাদুজ্জামান বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় মামলা করা হয়েছে।
আটককৃতরা হলেন, পৌরসভার কৃষ্টচাঁদপুর সরকার পাড়ার মশিউর রহমানের স্ত্রী হামিদা বেগম, হাকিমপুর উপজেলার বাসুদেবপুরের আলীম আল-রাজীর স্ত্রী নাসিমা বেগম (এ/পি সাং- কৃষ্টচাঁদপুর সরকারপাড়া, বিরামপুর), হিলি সাতকুড়ি রায়ভাগ এলাকার আনসার আলীর পুত্র কবির হোসেন এবং পার্বতীপুর উপজেলার রহমত নগর গুলপাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র এরশাদ হোসেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, “গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রাতে ইয়াবাসহ ৪ জনকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়েছে। তিনজন পলাতক রয়েছে, তাদেরকে আটকের চেষ্টা চলছে”। তিনি আরো জানান, মাদক নির্মূলের লক্ষে সারাদেশের ন্যায় বিরামপুরে এই অভিযান অব্যাহত থাকবে।


