বিরামপুর সীমান্তে মা-শিশুসহ পাঁচ রোহিঙ্গা আটক

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ঘাঁসুরিয়া সীমান্ত এলাকায় বিচরণকালে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে ২ শিশু, ২ মা ও ১জন পুরুষ রয়েছে।

ঘাঁসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শ্রী রজনী কান্ত সরকার জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯ টায় সীমান্তের ২৮৮/৫১ এস পিলার এলাকায় অভিযান চালিয়ে ২ শিশুসহ এদের ৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের যবান বন্দি অনুযায়ী তারা সকলেই মায়ানমার দেশের নাগরিক এবং দুই বছর আগে তারা ভারতে গিয়েছিল। কিন্তু কিভাবে তারা বাংলাদেশ সিমানা পার হয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না।

আটককৃতরা হলো, মায়ানমার দেশের আইকাফ জেলার মন্ডু উপজেলার খানজিয়া মহল্লার আমির হোসেনের ছেলে আব্দুল হক(৩৫), একই উপজেলার শিরদাপাড়া এলাকার মোহাম্মদের স্ত্রী নুরে ফাতেমা(২৫) ও সন্তান মাইমুনা(১), কাটারিপাড়া ইউনিয়নের নারিবিল গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নূর ফাতেমা(২৬) ও সন্তান ফাহাদ হোসেন(৫)।

এ বিষয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-২০ এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক রোহিঙ্গাদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি সদস্যরা তাদের আটক করে। বর্তমানে তাদের জিঙ্গাসাবাদ চলছে। জিঙ্গাসাবাদ শেষে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান তিনি।