বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত

সংসদ প্রতিবেদক : বিশিষ্টজনের মৃত্যুতে জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে তারা হলেন- প্রাক্তন প্রতিমন্ত্রী মো. নূরুল হুদা ও প্রাক্তন সংসদ সদস্য কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, ধীরেন্দ্র নাথ সাহা, কে এম আবদুল খালেক চন্টু, কাজী মো. আনোয়ার হোসেন, প্রাক্তন সংসদ সদস্য এহসান আলী খান এবং আহসান আহমেদ।

এ ছাড়া ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগী মাহফুজুল বারী, প্রাক্তন পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস, ভাষা সৈনিক খাজা জহিরুল হক, শিল্পপতি মির্জা আলী বেহরুজ ইস্পাহানি, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রাক্তন চেয়ারম্যান ড. এ টি এম জহরুল হক, প্রখ্যাত সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক, অনুবাদক, প্রাবন্ধিক ও কবি সিদ্দিক আহমেদ, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক আমির হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ, বিশিষ্ট গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক কুটি মনসুর এবং বাংলাদেশ চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিজু আহমেদের মৃত্যুতে সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলা, আফগানিস্তানে সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা এবং দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও সংসদে শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাবে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এ কে এম এ আওয়াল (সাইদুর রহমান)।