নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বেশির ভাগ দেশেই সংসদ সদস্যদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ সংসদের প্রতিনিধিরাই।
তারা বলেছেন, অনেক সংসদ সদস্যকে অন্যায়ভাবে সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আবার কেউ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারছেন না। ফলে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলির শেষ দিন বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কমিটির সভাপতি আফগানিস্তানের সংসদ সদস্য ফউজিয়া কাফি।
এ সময় উপস্থিত ছিলেন আইপিইউ মহাসচিব মার্টিন চুংগং ও কমিটির সাবেক সভাপতি বাংলাদেশের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।
সংবাদ সম্মেলনে আইপিইউর ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানস’র পক্ষ থেকে আরো জানানো হয়, আইপিইউর কাছে আইপিইউভুক্ত ৪২ দেশের ৪৫৯ জন সংসদ সদস্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করা আইপিইউর কমিটি বিষয়গুলো খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে।
কমিটি বলছে, যেসব সংসদ সদস্যের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, তাদের অন্যায়ভাবে সংসদ থেকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে।
আইপিইউভুক্ত ৪২ দেশের ওপর করা জরিপের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ৪৫৯ সংসদ সদস্যের মধ্যে বেশির ভাগই বিরোধী দলের।
জরিপে দেখা যায়, ৩৬৯ জনই বিরোধী দলের সংসদ সদস্য যারা বিভিন্ন সময় অন্যায়ভাবে হয়রানির শিকার হয়েছেন। এছাড়া সরকারি দলেরও রয়েছেন ৯০ জন সংসদ সদস্য। আর স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে ১১ জন বিভিন্ন কারণে হয়রানির শিকার হয়েছেন।
আইপিইউর ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানস’ জানায়, ২০১৬ সালে ৪২টি দেশের ওপর এ জরিপ করা হয়। যেসব সংসদ সদস্য অভিযোগ করেছেন তাদের মধ্যে আমেরিকা মহাদেশের ১৫৫ জন, এশিয়ায় ১১০ জন, আফ্রিকায় ৮৯ জন, ইউরোপে ৬৩ জন, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় ৩৯ জন এবং সাউদার্ন প্যাসিফিকে তিনজন।
এদিকে অনুষ্ঠানে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তি না হওয়া এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার নিষ্পত্তি না হওয়ায় আইপিইউ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে মামলাটির প্রতি মাসের আপডেট তথ্য আইপিইউতে পাঠানোর কথা বলা হয়েছে।
আইনপ্রণেতাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করা এই কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, বিলম্বিত বিচার বিচারহীনতার শামিল। কোনোপ্রকার রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই ঘৃণ্যতম অপরাধের বিচার দ্রুত এবং জাতীয়-আন্তর্জাতিক মানের হওয়া উচিত। বাংলাদেশের জাতীয় সংসদ এ বিষয়টি পর্যবেক্ষণে রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পরবর্তীতেও আইপিইউর এই কমিটি মামলাটির অগ্রগতি নিয়ে আলোচনা করবে।
কমিটির এবারের সেশনের গৃহীত রেজ্যুলেশনে বলা হয়, এই মামলায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন বিদেশে পালিয়ে আছে। পালিয়ে থাকাদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
হল অব ফেমে এমপিদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে গঠিত কমিটি পুনর্গঠনের সময় আফগানিস্তানের প্রতিনিধি জানান, এমপিদের যখন কোনো হুমকি দেওয়া হয়, সেটি শুধু এমপিদের ওপরই হুমকি নয়, এটা সংসদের ওপর হুমকি।
এ সময় ফিলিস্তিনের এক প্রতিনিধি জানান, আমাদের দেশের একজন সংসদ সদস্যকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে ইসরায়েলের কারাগারে। বর্তমানে ১২ জন সংসদ সদস্যকে ইসরায়েলের কারাগারে আটক রাখা হয়েছে। এ সময় আইপিইউ প্রেসিডেন্ট এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত এক বছরে এমপিদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে ৪৫৯টি ঘটনা কমিটির কাছে উপস্থাপিত হয়েছে। এর মধ্যে ঢাকায় সম্মেলন চলাকালে ১৪৭টি ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়া মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনেয়ার ইব্রাহিমের মুক্তি দাবি করেছে মানবাধিকার সুরক্ষা নিয়ে কাজ করা এই কমিটি।
প্রসঙ্গত, আজ বুধবার ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে ঢাকায় শেষ হয়েছে আইপিইউর ১৩৬তম অ্যাসেম্বলি। বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ ছিল এ সম্মেলনের আয়োজক। শনিবার ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, এমপিসহ প্রায় দেড় হাজার ডেলিগেটকে নিয়ে আইপিইউর সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


