নিজেস্ব প্রতিবেদক : গভর্নিং কাউন্সিলের মাধ্যমে বুধবার শুরু হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের পঞ্চম তথা শেষদিনের কর্মসূচি।
গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে দুপুরের আগে। এ ছাড়া অ্যাসেম্বলির প্রস্তাবনা, স্থায়ী কমিটিসমূহের প্রতিবেদন, সাধারণ আলোচনার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ অ্যাসেম্বলির কার্যক্রম আজ শেষ হবে। এরপর আইপিইউ’র ঘোষণা প্রদানের মধ্য দিয়ে পর্দা নামবে ঢাকায় অনুষ্ঠিত এ যাবৎকালের সর্ববৃহৎ আন্তর্জাতিক অ্যাসেম্বলির। দুপুরে অনুষ্ঠিত হবে সমাপনী সাংবাদিক সম্মেলন।
বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে ১৩১টি দেশের এক হাজার ৩৫৫ প্রতিনিধি আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন। অর্থাৎ বিশ্বের ৬৭ শতাংশ দেশের জনপ্রতিনিধি এখন ঢাকায়।
এর মধ্যে ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার ও ৬৮৭ জন সংসদ সদস্য অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের মধ্যে নারী সদস্যের সংখ্যা ২০৯।
অ্যাসেম্বলি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে উড়ছে ১৩১ দেশের জাতীয় পতাকা। এ সম্মেলন কেন্দ্রে ১ এপ্রিল থেকে অ্যাসেম্বলির বিভিন্ন ইভেন্ট চলছে।
নারী সংসদ সদস্যদের ফোরাম, সংসদ সদস্যদের মানবাধিকার কমিটি, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটি, আইপিইউ’র যুব সংসদ সদস্যদের ফোরাম, টেকসই উন্নয়ন, অর্থ ও বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটি, গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে জনপ্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো- টানা তিনদিন আলোচনা-বিতর্কের পর কোনো সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধের প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। উন্নয়নশীল ৪৪ দেশের কাছে হেরে যায় উন্নত ১০ দেশ। সম্মেলনের চতুর্থ দিন মঙ্গলবার শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা শেষে প্রস্তাবটি ৪৪ : ১০ ভোটে পাস হয়। এ প্রস্তাবে বেলিজিয়াম ভোট প্রদানে বিরত থাকে। রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ক হস্তক্ষেপ বন্ধে গৃহীত এ প্রস্তাবটি আজ বুধবার আন্তর্জাতিক সম্মেলনের নির্বাহী কমিটিতে অনুমোদনের পর তা ঢাকা ঘোষণায় অন্তর্ভুক্ত করা হবে।
ঢাকা ঘোষণায় আরো অন্তর্ভুক্ত করা হবে- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈষম্য দূর করতে এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় পার্লামেন্ট কীভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে তা।
আইপিইউ সম্মেলনে দুর্ভিক্ষপীড়িতদের বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। আফ্রিকা ও ইয়েমেনের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ এবং খরাপীড়িত লাখ লাখ মানুষকে বাঁচাতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব সংসদীয় সম্প্রদায় (দ্য গ্লোবাল পার্লামেন্টারি কমিউনিটি)। এ বিষয়ে খসড়া প্রস্তাব গ্রহণ করা করেছে। মঙ্গলবার সম্মেলনে জরুরি হিসেবে প্রস্তাবটি গ্রহণ করা হয়।
আইপিইউ সদস্যরা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা দিতে নিজ নিজ দেশের সরকারকে চাপ দিতে একমত হয়েছে। গৃহীত হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে ২৩ দফা খসড়া প্রস্তাব। ২৩ দফার উল্লেখযোগ্য হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে আইনি ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা দূর করা, সম্পদ ও উত্তরাধিকারে তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আইন করা প্রভৃতি।
সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমস্বরে ‘না’ করেছে আইপিইউ সদস্যভুক্ত রাষ্ট্রগুলো। তারা স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোনভাবেই সমর্থন করতে পারবে না কোনো সদস্য রাষ্ট্র। এমনকি সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদকে কোনোভাবেই সহায়তা করবে না আইপিইউভুক্ত দেশগুলো। বরং বৈশ্বিক সন্ত্রাসবাদ রুখতে বিশ্বের সংসদগুলোর সক্ষমতা বাড়াতে একটি কৌশল গ্রহণ করতে যাচ্ছে আইপিইউ। কোন কৌশলে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ করা যায় তা নিয়ে সম্মেলনের দ্বিতীয়দিন আলোচনা করেছেন সারাবিশ্ব থেকে আসা জনপ্রতিনিধিরা।
১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলির পাশাপাশি বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন কারু ও পোশাক শিল্পপণ্য, ওষুধসহ নানা পণ্যসামগ্রীর মেলা চলছে। মেলায় বিদেশি অতিথিদের বিপুল সমাগম ঘটছে।


