বি১-বি২ ভিসা নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বি১-বি২ বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে দেওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কাজ করার সুযোগ থাকলেও কোনোভাবেই পারিশ্রমিক গ্রহণ বা কাজ করা যাবে না।

পোস্টে বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়, যেমন চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব।

এর আগে, ২৯ এপ্রিল দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।