আজ বুধবারের লোডশেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে।
তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কম্পানি নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকোর বুধবারের লোডশেডিংয়ের সূচি পাওয়া যায়নি।
মঙ্গলবার রাজধানীতে এলাকাভিত্তিক শিডিউল অনুযায়ী একবার করে লোড শেডিং দেওয়া হলেও রাজধানীর বাইরের জেলাগুলোতে শিডিউল না মেনে তিন থেকে চারবার, কোথাও কোথাও এর থেকেও বেশি লোডশেডিং করা হচ্ছে। এতে শহরের মানুষের ভোগান্তিটা কম হলেও ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ের কারণে ভুগছে গ্রামের মানুষজন।
এদিকে জ্বালানি সংকটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এই বার্তা দিয়েছেন।


