বেনাপোলে আমিরুল হত্যায় মামলায় আসামি ২৪ : গ্রেফতার ৩

উপজেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে হত্যাসহ একাধিক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম হত্যার ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে নিহত আমিরুলের ছেলে সাগর বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও আরও ৫ জনকে অজ্ঞাত দেখিয়ে এ মামলা দায়ের করেন।

মামলার দায়ের করার পর পুলিশ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- বেনাপোলের কাগজপুকুর গ্রামের আব্দুল মতলেবের ছেলে রফিকুল ইসলাম (৪৭), গোলাম নাড়ুর ছেলে সাত্তার আলী (৫২) ও কাগমারী গ্রামের ছাত্তার ডাকাতের ছেলে আরিফ (৪০)।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, আমিরুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত আমিরুল ইসলামের নামে বেনাপোলসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক, অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বেনাপোলের কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে প্রতিপক্ষের বোমা হামলায় মারা যান আমিরুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।