বোরহানউদ্দিন প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে বড় দুটি দল একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচনী মাঠে নৌকার প্রার্থীকে দেখা গেলেও মাঠে দেখা যায়নি বিএনপি প্রার্থীকে। তবে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম নিজ বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে দাবি করেন।
বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর লোকজনের বাধার মুখে নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না, নিজ বাসায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
তিনি ভোলায় আসার পর থেকে এ পর্যন্ত দুই মামলায় ৭০০ জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিপক্ষরা হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে আহত করেছে। রির্টানিং অফিসার বা প্রশাসনকে ২৪টি অভিযোগ দেয়া হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি পুলিশ প্রটেকশন চাইলেও তাকে দেয়া হচ্ছে না। তবে যতই বাঁধা আসুক শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাফরুজা সুলতানা, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপর দিকে এইকদিন নিজ বাড়িতে হাফিজ ইব্রাহিমের সংবাদ সম্মেলনে অভিযোগ মিথ্যা দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল।
তিনি বলেন, বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে কেউ বাধা দেয়নি, ২০০১ সালের পর তার নির্দেশে দৌলতখান-বোরহানউদ্দিনের সাধারন মানুষের উপর নির্মম নির্যাতন করা হয়েছিলো। সেই কারনে এলাকার মানুষ ক্ষুদ্ধ হয়ে আছে। তাই তিনি লোক লজ্জায় ঘর থেকে বের হচ্ছেন না। তিনি জনগনকে কি জবাব দিবেন, সেই ভয়ে নির্বাচনী প্রচারনায় নামছেন না ।
এ সময় এমপি মুকুল ২০০১ সালের বিএনপি ক্ষমতার আমলে নির্যতনের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন দৌলতখানে সন্ত্রাস করেছেন, এমনকি তার দলের অনেক নেতাও তার হাত থেকে রক্ষা পায়নি।
সংবাদ সম্মেলনেসর পরে উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গন সংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন আ’লীগ প্রার্থী আলী আজম মুকুল।
উল্লেখ্য, দুটি পৌরসভা, দুটি উপজেলা ও ১৮টি ইউনিয়ন নিয়ে ভোলা-২ আসন গঠিত। এখানে আ’লীগ ও বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। প্রচারনায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ।


