বোরহানউদ্দিন প্রতিনিধি ঃ ভোলার বোরহানউদ্দিনে ৮শ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও ল্যাপটপ (কম্পিউটার) বিতরন করা হয়েছে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। এলজি এসপি-৩ প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যেগে এমন আয়োজন করা হয়। এ সময় এমপি মুকুল বলেন, বর্তমান সরকারই একমাত্র শিক্ষার উন্নয়নে যুগোপযুগী পদক্ষেপ নিয়েছে। প্রতিটি উপজেলায় সকল স্কুলকে মাল্টিমিডিয়ার আওতায় আনা হয়েছে। এ সময়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না এলে এসব উন্নয়ন থমকে যাবে। দেশ ২শ বছর পিছনে চলে যাবে। দেশের জনগণের উপর বিএনপির আস্থা ও বিশ্বাস নেই বলেই তারা বিদেশ গিয়ে ষড়যন্ত্র করছে। এ সময় উপজেলা নির্বাহি অফিসার মোঃ আঃ কূদ্দূসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শাহাজাদা তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লা মিয়া প্রমুখ।


