ব্যাংকের কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

এস.এম.মনির হোসেন জীবন \ গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় সোনালী ব্যাংকের মো. আমির হোসেন নামে এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আহত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ব্যাংক কর্মকর্তা মো. আমির হোসেন টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংকের গাজীপুরের বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র কর্মকর্তা হিসেব কর্মরত। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ সুপার (এএসপি)।

গতকাল রোববার সতাল ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাতাইশ রোডের মাথায় এঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসি ও পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে ব্যাংক কর্মকর্তা আমির হোসেন টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া বাড়ি থেকে বের হয়ে রিকশায় করে অফিসে যাচ্ছিলেন। পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাতাইশ রোডের মাথায় পৌঁছালে সেখানে কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ এবং কনস্টেবল শ্যামল দত্ত রিকশাটির গতিরোধ করেন। পরে ওই দুই পুলিশ সদস্যের সঙ্গে প্রথমে রিকসা চালক ও পওে রিকসা যাত্রী ব্যাংক কর্মকর্তা আমির হোসেনের বাকবিতন্ড হয়। এর জের ধরে পুলিশের সার্জেন্ট ফিরোজ ও কনস্টেবল শ্যামল অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন। আমির হোসেন ঘটনার প্রতিবাদ করলে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আশাপাশের লোকজন ছুটে আসে এবং আহত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার সময় স্থানীয় এলাকাবাসি ও উত্তেজিত জনতা পুলিশের ওই দুই সদস্যকে ঘেরাও সহ অবরোধ করে রাখে। খবর পেয়ে টঙ্গী মডেল থানার একদল পুলিশ ও ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহত ব্যাংক কর্মকর্তা আমির হোসেন সাংবাদিকদের বলেন, হঠাৎ করে দুই পুলিশ সদস্য আমার রিকসা থামিয়ে এলোপাথাড়ি ভাবে পুলিশের বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আমার জামা-কাপড় ছিঁড়ে গেছে। হাতের নখ ফেটে রক্ত বের হচ্ছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সালেহ উদ্দিন আহমেদ জানান, ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সার্জেট ফিরোজ ও কনস্টেবল শ্যামল দত্তকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া টঙ্গী থানায় সাধারণ ডায়েরি দায়ের করে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।