ব্রাহ্মণবাড়িয়ায় পিসিআর ল্যাব উদ্বোধন

জেলা প্রতিবেদকঃ প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে কোভিড-১৯ পরীক্ষার করার জন্যে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন। উদ্বোধন শেষে তিনি পিসিআর ল্যাবটি পরিদর্শন করেন।

ডিসি বলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেছেন তাকে সরকারিভাবে কিট সরবরাহ করা হলে নামমাত্র মূল্যে সার্ভিস চার্জ নিয়ে তিনি বিনামূল্যে কোভিড-১৯ এর পরিক্ষা নিরীক্ষার কার্যক্রম চালাবেন। আপদকালীন সময়ে তার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেন, উদ্বোধনের পর আজ থেকে পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম চলবে। আগামী ২০ জুন এটি পূর্নাঙ্গভাবে চালু করা হবে। সরকারিভাবে যদি আমার প্রতিষ্ঠানে কিট সরবরাহ করা হয়, তাহলে সার্ভিস চার্জ ব্যতীত প্রতিদিন বিনামূল্যে ৩০০ রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে কিট সরবরাহের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কোভিড-১৯ রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যেন দ্রুত কোভিড-১৯ এর পরীক্ষা-নিরীক্ষা করা যায় এ বিষয়ে এরইমধ্যে পদক্ষেপ নেয়া হয়েছে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ভাইস-চেয়ারম্যান ডা. নওশিন নোওয়াসহ হাসপাতালের চিকিৎসক ও পিসিআর ল্যাবের দায়িত্বরত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।