বড়পুকুরিয়া খনিতে কয়লা, ২৫ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর: দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে কয়লা কেলেঙ্কারিতে ১৯ কর্মকর্তাকে দায়ি করা হলেও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কমপক্ষে ২৫ জন এখনো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। জানা যায়, ওই সিন্ডিকেটে রয়েছেন ঠিকাদার, শ্রমিকনেতা, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিকসহ প্রভাবশালি ব্যক্তিরা। ২শ’ কোটি টাকার কয়লা গায়েব হলে এর কমিশনের ৫০ থেকে ৬০ কোটি টাকা তাদের পকেটে ঢুকেছে। স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের মতে, খনি থেকে কয়লা নিয়ে যেসব ট্রাক বের হতো এর মধ্যে অনেক ট্রাকের কয়লাই নথিভুক্ত হতোনা। ১০০ ট্রাকে কয়লা লোড করা হলে নথিভুক্ত হতো ৫০ ট্রাক। এভাবেই কয়লা পাচার হতো খনি থেকে। অবৈধভাবে পাচার হওয়া কয়লায় ভাগ বসাতো স্থানীয় রাজনীতিবিদ, ঠিকাদার ও ব্যবসায়ীদের সিন্ডিকেটটি। এছাড়া যে পরিমান কয়লার ডিও লেটার দেওয়া হয় তার চেয়ে দ্বিগুণ কয়লা অবৈধভাবে সরবরাহ হতো। অপরদিকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নামেও কয়লা পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খনি এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। তবে এ বিষয়ে খনি ব্যবস্থাপক, শ্রমিক নেতা, ঠিকাদারসহ সংশ্লিষ্ট কেউই মুখ খুলছেন না। কয়লা খনি পরিদর্শনের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা জানিয়েছেন, ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ টন কয়লা গায়েব হয়েছে। ২০০৫ সালে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরুর পর থেকেই সঠিক হিসেব কখনোই করা হয়নি। চীনা টেকনিশিয়ানদের উৎপাদিত কয়লারই শুধু হিসাব রাখা হয়। এর বাইরে ডাস্ট কয়লা হিসেবে যে ক্ষুদ্রাকৃতির কয়লা পানি নিষ্কাশন করে তোলা ও মজুদ করা হয় সেগুলোর কোনও হিসেব রাখা হয়নি। অথচ সেগুলো বিক্রি করা হয়েছে। ওই কয়লা বিক্রির টাকা কোনদিনই নথিতে উঠেনি। সেই কয়লার হিসেব করা হলে গায়েব হওয়া কয়লার পরিমাণ আড়াই লাখ টনের কম হবে না। টাকার অংকে হিসেব করলে সব মিলিয়ে ৩শ’ কোটি টাকা ছাড়িয়ে যাবে অনুমান করা হচ্ছে। এই টাকার ভাগই খেয়েছে মধ্যস্বত্ত্বভোগীরা। এদিকে গত কয়েকদিনে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা, জ্বালানি ও বিদ্যুত সচিব, পেট্রোবাংলা ও পিডিবি’র চেয়ারম্যান কয়লা খনি এলাকা ও কোল ইয়ার্ড (কয়লা মজুত রাখার জায়গা) পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে সবাই জানিয়েছেন কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ দশমিক ৪০ মেট্রিক টন কয়লা গায়েব হয়েছে। কয়লা দুর্নীতির ঘটনায় যে মামলাটি দায়ের করা হয়েছে সেখানেও এই পরিমাণ কয়লা চুরির কথা উল্লেখ করা হয়েছে। তবে এই চুরিটি কিভাবে হলো সে বিষয়ে তথ্য দিচ্ছেন না খনির ব্যবস্থাপক (প্রশাসন) আনিছুর রহমান । তিনি জানান, এ বিষয়ে বলতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বড়পুকুরিয়া খনির চুরি হওয়া কয়লায় কর্মকর্তাদের পাশাপাশি লাভবান হওয়া ব্যবসায়ী, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ঠিকাদার, স্থানীয় ডাস্ট ব্যবসায়ী ও প্রভাবশালি সিন্ডিকেট নিজেদের গা বাঁচাতে এখন একজোট হয়ে কয়লা চুরির বিষয়টি সিস্টেম লস বলে বিভিন্নজনের কাছে মন্তব্য করছেন। অভিযোগ উঠেছে খনি থেকে যখন কয়লা ঠিকাদারদের কাছে হাতবদল হতো তখনই ৫ টনের স্থলে ১৫ থেকে ১৮ টন করে কয়লা বের হতো। ১০ ট্রাক কয়লা খনি থেকে বের হলে নথিভূক্ত হতো ৫ ট্রাক। এছাড়া প্রতি বছর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ১৬ থেকে ২০ হাজার টন কয়লা উত্তোলিত হয়। গত ৭/৮ বছর ধরে এই কয়লা স্থানীয় ঠিকাদারের মাধ্যমে সংগ্রহ করছেন কয়লা খনি কর্তৃপক্ষ। কিন্তু এসব কয়লার হিসাবই রাখা হয়নি। গোপনে এসব কয়লাও খনি কর্মকর্তারা নামমাত্র মূল্যে ঠিকাদার ও ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতি মেট্রিক টন কয়লার সরকারের নির্ধারিত মূল্য ১৪ থেকে ১৫ হাজার টাকা। ওই সিন্ডিকেটটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কয়লা বিক্রি করেছে প্রতিটি টনে ১ থেকে ২ হাজার টাকা লাভ নিয়ে। এভাবেও খনি কর্তৃপক্ষের সাথে যোগ সাজস করে সিন্ডিকেটটি হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। তবে খনির শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি বলেছেন, ৫ টনের স্থলে ১৫ টন দেওয়ার সুয়োগ নেই। ‘তাহলে কিভাবে কয়লা গায়েব হলো’- এমন প্রশ্নের জবাবে তিনি কোন সন্তোষ জনক জবাব দিতে পারেননি। স্থানীয় সমাজকর্মী বদরুদ্দোজা বলেন, ‘খনি কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে ২০ থেকে ২৫ জনের একটি সিন্ডিকেটও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই সিন্ডিকেটের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে কয়লা চুরির আরো অনেক তথ্য পাওয়া যাবে।’ জানা গেছে, খনি উন্নয়নের সময় ২০০১ সাল থেকে ১৯ জুলাই ২০১৮ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৬৬ হাজার ৪২ দশমিক ৩৩ মেট্রিক টন কয়লা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত কয়লা থেকে পার্শ্ববর্তী তাপ বিদ্যুত কেন্দ্রে ৬৬ লাখ ৮৭ হাজার ২৯ দশমিক ২৯ মেট্রিক টন কয়লা সরবরাহ করা হয়েছে। বেসরকারি ক্রেতাদের কাছে ডিও’র মাধ্যমে ৩৩ লাখ ১৯ হাজার ২৮০ দশমিক ৩৭ মেট্রিক টন কয়লা বিক্রি করা হয়েছে। কয়লা খনির বয়লারে ১২ হাজার ৮৮ দশমিক ২৭ মেট্রিক টন কয়লা ব্যবহার করা হয়েছে। কয়লার উৎপাদন, বিক্রি ও ব্যবহার হিসাব করলে ১৯ জুলাই পর্যন্ত কোল ইয়ার্ডে রেকর্ডভিত্তিক কয়লার মজুদ দাঁড়ায় ১ লাখ ৪৭ হাজার ৬৪৪ দশমিক ৪০ মেট্রিক টন। কিন্তু বাস্তবে মজুদ ছিল প্রায় ৩ হাজার মেট্রিক টন কয়লা। অর্থাৎ ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ দশমিক ৪০ মেট্রিক টন কয়লার ঘাটতি রয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ২৩০ কোটি টাকা।