‘ভারতের সঙ্গে চুক্তি নিয়ে খালেদা বক্তব্য বিভ্রান্তিমূলক’

সচিবালয় প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও ভারতের সঙ্গে চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য বিভ্রান্তিমূলক।

সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও চুক্তি নিয়ে বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘কোন চুক্তি দেশের স্বার্থ বিরোধী? কোনটিতে দেশ বিক্রি হয়েছে- সেটা জানতে চাই। আমি তাকে (খালেদা জিয়া) এ বিষয়ে চ্যালেঞ্জ জানাচ্ছি। না হলে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

ইনু বলেন, ‘চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেত্রী এর বিরোধিতা করে বলেছেন, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করে শেখ হাসিনা রক্ষা পাবে না। শেখ হাসিনা দেশের কিছুই রাখেনি, বাকী যা আছে তাও বিক্রি করে আসবে। এতে শেখ হাসিনার শেষ রক্ষা হবে না।’

শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ কিছুই পায়নি; খালেদা জিয়ার এই মন্তব্যের জবাবে ইনু বলেন, ‘যারা বলছেন এ সফরে বাংলাদেশ কিছুই পায়নি, তাদের বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে নতুন নতুন অনেক অর্জন হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, পারমানবিক বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণার মতো গুরুত্বপুর্ণ ক্ষেত্র ও ঋণ সহায়তার বিষয়ে চুক্তির মাধ্যমে দুদেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন দ্বার উম্মোচিত হয়েছে।’

কোনো চুক্তিই গোপন চুক্তি নয়, উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়েই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা রক্ষা করে যাচ্ছে। ভারত কিংবা কোনো দেশের সঙ্গেই বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্কে একচুল পরিমাণও ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তিই গোপন নয়। সংবিধানের ১৪৫ (ক) ধারা অনুযায়ী সরকার চুক্তি করে। চুক্তির পরে সংসদের ভেতরে বাইরে আলোচনা হতে পারে। এছাড়া চুক্তিগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকে।

মন্ত্রী বলেন, ‘মূলত খালেদা জিয়া চুক্তির বিরোধিতা করে বাংলাদেশের পক্ষে নন, পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি যেমন মুক্তিযুদ্ধ, ইতিহাস, যুদ্ধাপরাধ ও জঙ্গি সন্ত্রাস নিয়ে ঢালাও মিথ্যাচার করে আসছেন, চুক্তির বিরোধিতা তারই ধারাবাহিকতা মাত্র। তিনি (খালেদা) প্রতিবেশিকে শত্রুর কাতারে ফেলে উত্তেজনার বলয়ে ফায়দা লুটতে চান, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে প্রতিবেশিকে বন্ধু ভেবে সমস্যা সমাধানে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছেন।’

বাংলাদেশ সেনাবাহিনীকে হুমকিতে ফেলবে না :
প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সেনাবাহিনীকে কোনো হুমকিতেই ফেলবে না, বিপদেও না। বরং এর মাধ্যমে আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা, দক্ষতা বৃদ্ধি এবং উন্নততর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে।’

তিনি আরো বলেন, ‘ভারত থেকে সামরিক সরঞ্জাম ক্রয়, আমাদের ক্রয়কে আরো বহুমুখি ও প্রতিযোগিতামূলক করা এবং নির্দিষ্ট কোনো নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার একটি পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মান বাড়বে, দক্ষতা বাড়বে এবং জাতিসংঘ মিশনে ভূমিকা রাখার ক্ষেত্র আরো বিস্তৃত হবে।

’তিস্তার বিকল্প প্রস্তাব আমলে নেয়নি বাংলাদেশ :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিকল্প প্রস্তাব বাংলাদেশ আমলে নেয়নি বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘এটা আমরা এখনো আমলে নিইনি। আমলে নেওয়ার দরকার নেই। তিস্তা তিস্তাই, তিস্তা নদীর পানি বণ্টনের জন্য আরেকটা নদীর কোথায় কি হবে সেটা এখানে আলোচনায় অন্তর্ভুক্ত হতে পারে না। আসল কথা হলো, তিস্তা চুক্তির ব্যাপারে দুদেশই একমত। যেহেতু মতৈক্য আছে, এখন এটা সময়ের ব্যাপার। সেই সময়টা নিয়ে তর্ক-বিতর্ক আছে। তবে এবার হলে খুশি হতাম।’