ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আব্দুল আলীম, চৌগাছা-যশোর: যশোরের চৌগাছায় ভিটামিন এ  ক্যাম্পেইনের শুভ   উদ্বোধন করা হয়।
আজ শনিবার (২২ জুন) “ভিটামিন এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালিত হয়। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা.এম মোস্তানিছুর রহমান।
ভিটামিন এ  ক্যাম্পেইনের শুভ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরুল আনাম, হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২৬১৮ এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী ২১৩২৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সে লক্ষ্যে উপজেলার ২৬৪ টি স্পট এবং চৌগাছা হাসপাতালে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৯০ জন সুপারভাইজারের নেতৃত্বে মোট ৫৩২ জন স্বেচ্ছাসেবী কর্মী উপজেলাব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর কাজ তদারকি করছেন।