ভোলায় আইসোলেশন ওয়ার্ডে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ ভোলায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর ২ দিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

চিকিৎসকরা জানান, ওই বৃদ্ধের ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ করেই তার মৃত্যু হয়। তবে ২ দিন আগে তার নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনো আসেনি।

জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ওই বৃদ্ধ করোনায় মারা যাননি। গত ২৩ এপ্রিল ওই বৃদ্ধকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখার পর নমুনা রিপোর্ট সংগ্রহ করে পাঠানো হয়েছে কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি। তাই বলা যায় করোনায় তার মৃত্যু হয়নি।

ভোলা সদর হাসপাতালের আরএমও ডা. তৈয়বুর রহমান জানান, শুক্রবার রাত থেকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং শনিবার সকালে তিনি মারা যান। তবে করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তা বলা যাবে না।

এদিকে জেলায় করোনা সন্দেহে নতুন ৩ জনসহ ২৪ দিনে ২৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে শনিবার আরো ৩টি রিপোর্টসহ ২২৬টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্ট অপেক্ষমান। জেলায় করোনা শনাক্ত হয়েছে দুই জনের।

এছাড়াও জেলায় সর্বমোট ১১৯৭ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫০৮ জন।