নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার মিরসরাই উপজেলার ছোট কমলদহে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তির নাম মো. তৌহিদুর রহমান (২৬)।
স্থানীয় সূত্র জানায়, ভোরে চট্টগ্রাম অভিমুখি একটি ট্রাক ছোট কমলদহে পৌঁছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এই সময় ট্রাকের ভেতরে থাকা একজন নিহত ও তৌহিদ আহত হয়। তৌহিদকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


