ঢাকা: করোনা ভাইরাসের কারণে সারা দেশে অবরুদ্ধ অবস্থা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে জনজীবনে। সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছেন কেটে খাওয়া মানুষ। সরকার বা বিভিন্ন সংস্থার দেওয়া ত্রাণও তারা ঠিকমতো পাচ্ছেন না। ফলে নিষেধ অমান্য করে অনেকেই কাজের সন্ধানে পথে নামছেন।
পুরান ঢাকার সদরঘাট, ওয়াইজঘাট, লালকুঠী ঘাট, শ্যামবাজারসহ বিভিন্ন ঘাটে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন প্রায় দুই হাজার মাঝি। অবরুদ্ধ অবস্থার কারণে ঘাটের খেয়া পারাপারে যাত্রী কমে দাঁড়িয়েছে চার ভাগের এক ভাগে। ফলে আয় কমেছে তাদের। মাঝিরা বৈঠা চালালেও জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। এদিকে নৌ পরিবহন কর্তৃপক্ষ ত্রাণের ব্যবস্থা করলেও মাঝিরা ঠিকমতো পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটে সারি সারি নৌকা বাঁধা আর মাঝিরা তাকিয়ে যাত্রীর জন্য। কেউ কেউ ডাকছেন, আহেন আহেন মামা, উডেন আমার নায়ে উডেন। জীবিকার তাগিদে ভোরের আলো জেগে ওঠার আগেই মাঝিরা বুড়িগঙ্গার বুকে ভাসিয়ে দেন নৌকা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের উপার্জন কমছে। মুখে নেই হাসি, কণ্ঠে হতাশার সুর! তারপরও বুড়িগঙ্গার বুকে নৌকা চালিয়ে এখনো বেঁচে থাকার স্বপ্ন দেখেন তারা। এই দুর্যোগের সময়ও নৌকা নিয়ে বের হলে ইজারাদারের টাকা, মালিকের টাকা, পাহারা ও সিরিয়ালের টাকা— সব দাবি মিটিয়ে যা থাকে, তা দিয়ে বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে নৌকা চলে তো জীবন চলে না।
সদরঘাটের একজন মাঝি ফিরোজ জানান, সারা দিন নৌকা চালিয়ে আগে যেখানে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা আয় হতো। এখন সেখানে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা।
তিনি জানান, ছুটি ঘোষণার প্রথম পাঁচ-ছয় দিন বাড়ি থেকে বের হননি। তখন দুই দিন সরকারের ত্রাণ পেয়েছেন। কিন্তু তা দিয়ে সংসার চলে না। তাই বাধ্য হয়ে আবার নৌকা নিয়ে বের হয়েছেন। এই দুঃসময়েও কেউ ভাড়া বেশি দেয় না। ইজারা, মালিকের ভাড়া, সিরিয়ালের জন্য সব মিলিয়ে ২০০ টাকা বাদ দিলে হাতে এক দেড়শর বেশি থাকে না।
সরকারের সহায়তার কথা জানতে চাইলে বলেন, কখন দেয় সেটার খরব পাই না। যদি কেউ এসে দিয়ে যায় তাহলে পাই। আর যারা সহায়তা দেয় তারাতো সবাইকে দেওয়ার জন্য আসে না। ঘাটের ওপরে যারা থাকে তারাই পায়।
লালকুঠি ঘাটে ২০ বছর ধরে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন জাহাঙ্গীর মোল্লা। তিনি জানান, আর না হলে সংসার চলবে না। তাই সরকারের নিষেধাজ্ঞা থাকলেও নৌকা নিয়ে বেরিয়েছেন। সরকারের সাহায্য দুএকদিন পেয়েছেন। এই অবস্থা বেশি দিন চললে না খেয়ে থাকতে হবে। সরকার যে সাহায্য দেয়, সেটা যেন সত্যিকার গরিব মানুষ পায় তার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
লালকুঠি ঘাটের টোল ঘরের ক্যাশিয়ার জনি বলেন, আমরা ইজারা নেইনি, তবে টেন্ডারের একটা বিষয় তো আছেই। ঘাট কমিটির সহযোগিতায় দেখাশোনা করছি। বিআইডাব্লিউটিএ কর্মচারী ইউনিয়ন এবং ঘাট শ্রমিক যৌথভাবে এটি চালাচ্ছে। এখন যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। প্রতিদিন যেখানে হাজার হাজার শ্রমিক যাতায়াত করতো সেখানে এখন হাতে গোনা যাত্রী। প্রশাসনের লোকজন এসে নৌকা তাড়িয়ে দেয়।
মাঝিদের কাছ থেকে নেওয়া টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এত মনে হয় নেওয়া হয় না। এটি আসলে টেন্ডার হয়ে থাকে, যার রাজস্ব বিআইডাব্লিউটিএ পায়। কিসের টাকা তুলছে, কে নিচ্ছে— এ বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের আশঙ্কা দক্ষিণ এশিয়ায় এপ্রিলের শেষে ও মে মাসে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করবে। এই ভয়াবহতা আরও বেড়ে গেলে আমরা আরও সংকটের মধ্যে পড়ে যাবো। এজন্য আগে আমাদের করোনা মোকাবেলা করতে হবে। সংকট যতদিন থাকবে, শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
বিশষজ্ঞরা বলছেন, এপ্রিলের শেষ অথবা মের প্রথম সপ্তাহে দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে।


