মাঠ পর্যায়ের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ: মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদকঃ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের প্রাণ ভোমরা হচ্ছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। দলের কঠিন মুহূর্তে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া এই কর্মীরাই আওয়ামী লীগের মূল ভিত্তি। দল যখন ক্ষমতায় থাকে তখন এইসব নেতাকর্মীদের আর কেউ খবর রাখে না। কিন্তু আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যা এর ব্যতিক্রম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা, ৩৭ নম্বর মুনির নগর ও ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ভোগ্যপণ্য উপহার হিসেবে বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমাদের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে বেছে বেছে নেতাকর্মীদের মূল্যায়ন করে যাচ্ছেন। আমরা তাঁর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। এই দুর্দিনে নেতাকর্মীরা অস্বচ্ছল নগরবাসীদের দোরগোড়ায় সরকারি ত্রাণ পৌঁছে দিচ্ছেন, অথচ তাদের ঘরেও খাদ্যাভাব উঁকি দিচ্ছে। তারা নিজের জন্য না রেখে জনগণের মাঝে বিলি-বন্টন করছেন। আমরা সেটা উপলব্ধি করে নেতাকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছি।

মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এই সংকটময় পরিস্থিতিতে আমাদের জীবন এবং জীবিকা দুটোই গুরুত্বপূর্ণ। তাই সরকার দুটোই যাতে সচল থাকে তার ব্যবস্থা করছেন। এজন্য আমাদের দরকার সমন্বিত উদ্যোগে এই মহামারি মোকাবেলা। সংগঠনের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবতার কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহাম্মদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, আওয়ামীলীগ নেতা আবদুল খালেক চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, মোরশেদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসান প্রমুখ।