‘মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনূকুলে বাজেয়াপ্ত করা হবে’

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনূকুলে বাজেয়াপ্ত করা হবে। কেননা এসব সম্পদ জনগণের অর্থ দিয়ে হয়েছে।’

রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ‘মাদকের ভয়াবহ আগ্রাসন : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

দুদক প্রধান বলেন, ‘অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদ জনগণের। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।’

এ সময় তিনি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ডোপ টেস্টের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদ বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যমে একটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন করেছে। আগামী কয়েক বছরের মধ্যে মাদক নিয়ন্ত্রণে ভালো ফল পাওয়া যাবে। বর্তমান সময়ে মাদক নিয়ন্ত্রণে গণসচেতনতা এবং ইনফোর্সমেন্ট কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।’

তিনি দেশ থেকে চিরতরে মাদক বন্ধ করতে গণমাধ্যমসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।