মাদারীপুরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী তিন প্রতারককে আটক করে পুলিশ দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিবচর পৌর এলাকার আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকাদর (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু ও সামচুল আলমের ছেলে আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, দুপুরে জেলার আদালত চত্বরে তিনজন প্রতারক জমিজমার মামলায় বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দিবে এমন প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের কথাবার্তা সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পরে তিন প্রতারক। এক পর্যায়ে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ সময় পরিচয় দেয়া তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটককৃতরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতো। আটক তিন প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


