অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে একটি তালাবদ্ধ ওয়ার্কসপের ভেতর লেদ মেশিনে পাঞ্জাবি জড়িয়ে সাইফ আলী নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় মার্কেট মালিক হারুন সরকারের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা। এটিকে মিথ্যা মামলা আখ্যায়িত করে মামলাটির সঠিক তদন্ত সাপেক্ষে তাকে অব্যাহতির দাবীতে গত সোমবার রাতে এক সংবাদ সম্মেলন করেছে মাছিমপুর ওয়ার্কসপ মালিক সমিতি।
এসময় সেখানে মামলার বাদী বা বিবাদী পক্ষ কিংবা সংগঠনের উর্দ্ধতন কেউ উপস্থিত না থাকলেও সাধারণ সদস্যরা রহস্যজনক ভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকার পরিবার কর্তৃক পরিচালিত স্থানীয় মসজিদের খতিব মুফতি মো. সিদ্দিকুর রহমান, হারুনের আত্বীয় মো. দেলোয়ার হোসেন, হারুন সরকার পরিচালিত গাফুরিয়া মাদ্রাসার ইমাম মাওলানা মো. জমসেদ খান, সাবেক বিএনপি সমর্থিত কমিশনার মো. শরিফ হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. মনির হোসেন নিজামী, সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ খান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি শেখ মো. চুন্নু মিয়া, অর্থ সম্পাদক মো. মজিবুর রহমান, প্রচার সম্পাদক মো. সোহেল ভূইয়া প্রমুখ।
গত ২২ জুলাই ২০১৯ ইং ভাড়া সংক্রান্ত পাওনা টাকার জেরে টঙ্গীর মাছিমপুর এলাকায় নিউ মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ভিতর লেদ মেশিনে পেচাঁনো সাইফ আলী (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা শাহিদা বেগম মার্কেট হারুন সরকারকে প্রধান আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন হারুন সরকারকে র্যাব গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা তাকে গ্রেফতারের প্রতিবাদ করে বলেন, হারুন সরকারকে ষড়যন্ত্রমূলক এ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা মামলাটি মিথ্যা মামলা দাবী করে বলেন, মামলাটি সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে হারুন সরকারকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেয়া হোক ।


