মিয়ানমারের শাসকগোষ্ঠীর প্রতি চরম ধিক্কার জানানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত শাসকগোষ্ঠীর প্রতি চরম ধিক্কার জানানো হয়েছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ ধিক্কার ও পাশাপাশি কয়েকটি দাবি জানায় নাগরিক সমাজ।

নাগরিক সমাজের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, ‘গত কয়েক সপ্তাহে মিয়ানমারের অমানবিক বর্বরতায় রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সচেতন নাগরিকরা মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত শাসকগোষ্ঠীর প্রতি চরম ধিক্কার জানাই। পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের কাছে অবিলম্বে মুসলিম-হিন্দু নির্বিশেষে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর এই অমানবিক নিধনযজ্ঞ, হত্যা, উৎপীড়ন বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অবিলম্বে কফি আনান কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তাদের দেশে ফেরত নেওয়ার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারের আহ্বান জানাচ্ছি।’

সম্মেলনে আরো বলা হয়, রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাংলাদেশের ওপর অভূতপূর্ব অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করেছে। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি তা মোকাবিলা করতে হবে। এ ছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন বন্ধুদেশ বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, জাপান, জার্মানি, ইংলেন্ড, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ সকল রাষ্ট্রের সরকার ও জনগণের সহযোগিতা এবং সমর্থন আদায়ের প্রচেষ্টা জোরদার করতে হবে।

সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী খুশী কবির, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক ড. অজয় রায়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তবারক হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।