মুজিবনগর দিবস উদযাপনে মুজিবনগরে সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় আগামী ১৭ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ছুটি ঘোষণা করে আদেশ জারি হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে এ সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল এ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর। প্রতি বছর ১৭ এপ্রিল দেশে মুজিবনগর দিবস পালিত হয়।

মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে-বিদেশে এ যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।