মুন্সীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মুন্সীগঞ্জ : নিহতের নাম বাবা আরিফ (৩০)। পুলিশ জানায়, বুধবার বিকেলে মীরেশ্বর এলাকা থেকে পুলিশ আরিফকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আরিফকে নিয়ে রাত আড়াইটার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বের হলে আরিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, আরিফ শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বের হলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করে। আরিফ তার সহযোগীদের গুলিতে নিহত হন। আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল হতে একটি পিস্তল, ৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয়। নিহত আরিফের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, মাদকসহ ১২টি মামলা রয়েছে।